৩ অগ্রহায়ণ ১৪৩৩ ·৬ রজব ১৪৪৮ হিজরিসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

কেশবপুরে অনুমতি ছাড়াই মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ কাটার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে অনুমতি ছাড়াই মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ কাটার অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের দুটি মৃত গাছ সরকারি অনুমতি ছাড়াই কাটার অভিযোগ উঠেছে। গাছ দুটি বিক্রির উদ্দেশ্যে কাটা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক অভিভাবক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যালয়ের মাঠ ও মসজিদ প্রাঙ্গণে থাকা দুটি গাছ উপড়ে পড়ে মারা যায়। গত রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক গৌতম দত্তের লোকজন দিয়ে গাছ দুটি কাটানো হয়। পরে গাছগুলো বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করেন। এ নিয়ে আপত্তি ও অসন্তোষ তৈরি হলে গাছগুলো পুনরায় বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়।

স্থানীয়দের দাবি, কাটা গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। সরকারি অনুমতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গাছ কাটার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ।

সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, গাছ দুটি দীর্ঘদিন ধরে ঝড়ে উপড়ে পড়ে মৃত অবস্থায় ছিল। সম্প্রতি সেগুলো গোপনে কেটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে তাঁদের অভিযোগ।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্তের কাছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “জানানো হয়নি।” তবে তাঁর দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন বা সিদ্ধান্ত অনুযায়ী গাছ দুটি কাটা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।

বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক মেহেরুন্নেসাও জানান, গাছ কাটার বিষয়ে কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অন্যদিকে, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছুই জানাননি। অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এদিকে, গাছ কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিভাবক ইকবাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগের সত্যতা এবং গাছ কাটার ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ লিংক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।