৩ অগ্রহায়ণ ১৪৩৩ ·৬ রজব ১৪৪৮ হিজরিসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:

শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

স্বপ্নশীলন স্কুলের আয়োজনে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ; শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ

শিশুদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে স্বপ্নশীলন স্কুল। শনিবার (১৪ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় আগারগাঁও, তালতলা ও মিরপুর এলাকার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রকৃতির ঋতুবৈচিত্র্য ও সৌন্দর্য শিশুদের কল্পনায় ফুটিয়ে তুলতে এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’। শরতের রূপ, হেমন্তের আবহ এবং শীতের আগমনী বার্তা শিশুদের তুলিতে ও সৃজনশীলতায় প্রকাশের সুযোগ করে দেয় এই আয়োজন।

সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চা ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এ লক্ষ্য বাস্তবায়নে স্বপ্নশীলন স্কুলের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পি, পুলিশ সুপার (আরআরএফ, খুলনা) ফয়েজ আহমেদ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ইমিডিয়েট পাস্ট গভর্নর মাসুমুজ্জামান মাসুম, রেডিও উপস্থাপক ও লেখক মশিউর রহমান শান্ত এবং সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন।

এ ছাড়া শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন লেখক ও গবেষক ড. রেহনুমা করিম এবং জাদুশিল্পী এসএম ওয়ালিদ। বক্তারা বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিযোগিতা শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

তাঁরা শিশুদের স্বপ্ন দেখতে, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে এবং নিজেদের প্রতিভা বিকাশে নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বপ্নশীলন স্কুলের অধ্যক্ষ তাহমিনা আক্তার।

আরএফএল গুডলাক ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সমন্বয় করেন স্বপ্নশীলন স্কুলের পরিচালক তারেক আহমেদ ও মিরাজুল ইসলাম।

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তার প্রসার এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে স্বপ্নশীলন স্কুলের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

ওয়েবসাইট: www.swapnoshilon.org/school

সংবাদ লিংক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।