৩ অগ্রহায়ণ ১৪৩৩ ·৬ রজব ১৪৪৮ হিজরিসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আইস, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

পলাতক ২ জন; তিন সার্কেলের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ক্রিস

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আইস, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

পলাতক ২ জন; তিন সার্কেলের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজন পলাতক রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মতিঝিল, ডেমরা ও খিলগাঁও সার্কেলের পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, ৭ দশমিক ৫ কেজি গাঁজা এবং ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

মতিঝিল সার্কেলের অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা, নয়ানগর এলাকার চেয়ারম্যান ভবনের নবম তলার অষ্টম তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

অভিযানকালে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপার ব্যাগে রাখা ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপার ব্যাগে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

ডেমরা সার্কেলের অভিযান

ডেমরা সার্কেলের পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ অমুল্য কুমার রায় (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানাধীন সদরঘাটের ৪/২ বি সিমসন রোডে আমিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে অমুল্য কুমার রায়ের দেহ তল্লাশি করে একটি কালো শপিং ব্যাগ থেকে নীল জিপারযুক্ত প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা এবং সাদা জিপারযুক্ত প্যাকেটে ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছেন। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খিলগাঁও সার্কেলের অভিযান

খিলগাঁও সার্কেলের অভিযানে ৭ দশমিক ৫ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজন পলাতক রয়েছেন।

উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং খিলগাঁও সার্কেলের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে খিলগাঁও থানাধীন মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক এবং মুগদা থানাধীন ৫৮/১০ উত্তর মুগদাপাড়া ঝিলপাড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে বসতঘর তল্লাশি করে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা পলিথিনের পোটলা থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় রিনা বেগম (৩০) এবং পলাতক শরমিন আক্তার (৩১) ও মো. জিন্নাতুল ইসলাম (৩৫)-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া একই টিম মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ মো. রোহান (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ লিংক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।